এইমাত্র
বাকেরগঞ্জ

বৃষ্টি-বাতাসে বাকেরগঞ্জে আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে, ক্ষতির শঙ্কায় কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিনের বৈরী আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে বরিশালের বাকেরগঞ্জে পাকা ও আধাপাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন উপজেলার কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকায় ধানগাছ হেলে পড়েছে; অনেক ক্ষেতে গাছ মাটির সঙ্গে মিশে গেছে। কৃষকদের আশঙ্কা, মাটির সংস্পর্শে আসা শিষ নষ্ট হবে, ধানে চিটা বাড়বে এবং ধান কাটতে বাড়তি শ্রম ও সময় লাগবে।

এ বছর বাকেরগঞ্জে প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা ছিল; আর কয়েক দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তের এই বৃষ্টি-বাতাসে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা বিএইচএস নিউজকে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা ছিল; হঠাৎ বৈরী আবহাওয়া ও ধান লুটিয়ে পড়ায় উৎপাদন ব্যাহত হতে পারে। আর কয়েক দিনের মধ্যে আমন পুরোপুরি পাকত; এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ হলে প্রত্যাশিত উৎপাদন কমে যেতে পারে বলে জানান তিনি।

কৃষকেরা জানান, আবহাওয়া দ্রুত ভালো হওয়াই এখন তাঁদের একমাত্র প্রত্যাশা।