বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকা নিয়ে ভাটা ভাঙন থেকে রক্ষা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম। এই অর্থের ৬০ শতাংশ পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভাগ হতো বলে দাবি করেছে সূত্র।
জানা গেছে, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে ৫ বছর ধরে কর্মরত নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম। তাঁর বাড়ি গোপালগঞ্জে। ২ বছর ধরে বর্তমান পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বরিশালে দায়িত্ব পালনকালে দিদারুল বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ইট পোড়ানোর মৌসুমে ভ্রাম্যমাণ আদালত করার এখতিয়ার বিভাগীয় পরিচালকের। অভিযানের আগে পরিচালক মুজাহিদুল ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠকে দিদারুলকে পাশে বসিয়ে নেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা ও উপজেলায় পাঠান তাঁকে। ভাটার মালিকদের সঙ্গে উৎকোচের সমন্বয়ও করেন দিদারুল।
সূত্র জানায়, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকার বিনিময়ে ভাটা ভাঙন থেকে রক্ষা নিশ্চিত করা হয়েছে। এই অর্থের অধিকাংশই নেওয়া হয়েছে ইটভাটা সমিতির কাছ থেকে।
নাম প্রকাশ না করার শর্তে পিরোজপুরের জিয়ানগরের একজন ইটভাটার মালিক বিএইচএস নিউজকে জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুটি অবৈধ ইটভাটা যাতে না ভাঙে, এ জন্য ৬ লাখ টাকা দিয়ে এসেছেন। কচা ও সুগন্ধা নদীর মোহনায় এই ইটভাটা দুটি অবস্থিত।
এদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ ইটভাটা সমিতির নেতাদের মাধ্যমে এই উৎকোচ নিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা।
সূত্র জানায়, এসব অভিযোগের তদন্তে গত এপ্রিলে নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন তদন্ত করে প্রতিবেদন প্রধান কার্যালয়ে দিয়েছেন।
অভিযোগ তদন্তের মধ্যে দিদারুলকে খাগড়াছড়িতে বদলি করা হলেও অবমুক্তির পর বরিশাল ছাড়েননি তিনি। ১৬ নভেম্বর অবমুক্ত করা হলেও কেন যাননি—এমন প্রশ্নে দিদারুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, সমস্যা কী, আরও ৭ কর্মদিবস থাকতে পারবেন। তিনি বলেন, অভিযোগ থাকতেই পারে, থাকলে পরিচালকের সঙ্গে কথা বলেন। পরিচালকের সঙ্গে যোগসাজশ করে অবৈধ ইটভাটার মালিকের কাছ থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে দিদারুল বলেন, এই অভিযোগের পাঁচ পয়সা দামও নেই।
অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, দিদারুলের বিষয়ে অভিযোগের কারণেই তাঁকে খাগড়াছড়িতে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অবমুক্তির তারিখ শেষ হলেও কিছুদিন থাকতে পারবেন। তাঁকে অবশ্য এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে। এরপরও কেন দিদারুল বরিশালে আছেন, এর কোনো জবাব দেননি পরিচালক।
ইটভাটা থেকে ২ লাখ টাকা করে উৎকোচ নেওয়ার প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গত এপ্রিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী প্রতিবেদন প্রধান কার্যালয়ে দিয়েছেন। দিদারুল দুদকের মামলায় এক মাস কারাভোগ করলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি—এ প্রসঙ্গে পরিচালক বলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রধান কার্যালয়ে অবহিত করা হয়েছে। পরিচালকের দাবি, ব্যবস্থা নিতে পারে উপর মহল, তিনি কিছু করতে পারেন না। এ ছাড়া দিদারুলের অবৈধ ইটভাটা থেকে উৎকোচ নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, লেনদেনের মাধ্যমে ইটভাটা রক্ষা করা ব্যক্তিস্বার্থ হাসিলের কর্মকাণ্ড। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অভিযোগ আগের পরিচালকদের বিরুদ্ধেও ছিল। হাইকোর্ট সব ইটভাটা ভাঙতে বলেছেন। তারপরও ৩০০ অবৈধ ইটভাটা বরিশালে দাঁড়িয়ে থাকলে মানুষ প্রশ্ন তুলবেই।
