এইমাত্র
ভোলা

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। ইতিমধ্যে ২১টি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় ধাপে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এসব ক্যাম্প থেকে প্রায় পাঁচ হাজার মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিয়েছেন। এ ধাপে গতকাল পর্যন্ত মোট ছয়টি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

এসব ক্যাম্পে রাজধানী ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন ভোলার অসহায় ও নিম্ন আয়ের মানুষ।

চলতি বছরের ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন তথ্যমন্ত্রী। প্রথম ধাপে ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ২টিসহ মোট ১৫টি ক্যাম্প পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হয় ১৫ নভেম্বর।

মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সদর উপজেলার চরসামাইয়া ও ভেদুরিয়া ইউনিয়নের মাইনউদ্দিন, কবির, খোরশেদ, পারুল, নাসিমা, মুন্নি ও শিউলি আক্তার। বিএইচএস নিউজকে তাঁরা জানান, অর্থকষ্টের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। গ্রামে মাইকিং শুনে ক্যাম্পে এসে তাঁরা বড় ডাক্তার দেখিয়েছেন, ওষুধ লিখে দিয়েছেন এবং সেখান থেকেই বিনামূল্যে ওষুধ পেয়েছেন। তাঁরা চান, এ কার্যক্রম এভাবে চলতে থাকুক।

স্থানীয় সচেতন মহলের এম হেলাল উদ্দিন গোলদার, মো. মহিউদ্দিন ও মঞ্জুর আলম বিএইচএস নিউজকে বলেন, বছরের পর বছর ধরে দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটিতে নামমাত্র চিকিৎসাসেবা চলে। ভোলার ভঙ্গুর সরকারি চিকিৎসাব্যবস্থার মধ্যে তথ্যমন্ত্রীর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প এ জনপদে আশার আলো জ্বেলেছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বিএইচএস নিউজকে বলেন, ভোলা সদর আসনের সব বাসিন্দার চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ উদ্যোগ ও অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন। ইতিমধ্যে প্রথম ধাপে ১৫টি ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। সম্প্রতি দ্বিতীয় ধাপের ক্যাম্প আবার শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

ভোলা সদর আসনে তথ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা ও তদারকি করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা, সদর উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।