পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সঠিক সময়ে কৃষকদের হাতে বীজ পৌঁছে দিতে পারায় তারা আনন্দিত। উপজেলার প্রায় ৩০০ জন চাষীকে খেসারি, ৫ জন চাষীকে সয়াবিন ও ৩০ জন চাষীকে চিনাবাদামের বীজ ও সার দেওয়া হচ্ছে। এ ছাড়া মুগ ডালের বীজ ও সারও বিতরণ করা হচ্ছে। কোন এলাকায় কোন ফসল ভালো হয়, তা বিবেচনায় নিয়ে এ প্রণোদনা দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
