এইমাত্র
বাকেরগঞ্জ

বাকেরগঞ্জে ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৩৩ শতক জমিতে খেসারি ডাল আবাদের জন্য ৮ কেজি খেসারি বীজ, ৫ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, বাকেরগঞ্জের বাইরে থেকে ফসল বা শাকসবজি যাতে না আনতে হয়, সে জন্য স্থানীয় উৎপাদন বাড়াতে হবে। কয়েকজন কৃষককে নিয়ে ফটোসেশন করেই দায়িত্ব শেষ করার সমালোচনা করে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নামের তালিকা ও বেতন শিট তলব করেন এবং সরাসরি কৃষকদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে কাজ করার নির্দেশনা দেন।