শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম ধাপে সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শিশুদের হাতে শীতের উষ্ণতা নিশ্চিত করতে কম্বল তুলে দেন তিনি।
নতুন কম্বল পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। শীতের শুরুতেই এমন উপহার তাদের জন্য স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার শীতার্ত ও অসহায় মানুষের কাছে শীতবস্ত্র ও কম্বল পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা এবং সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন।
