ভোলার চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন শহীদনগরের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শওকত হোসেন মাঝি। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১০, ঢাকার যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় পূর্ববিরোধের জেরে মো. আজমুলের পথরোধ করে একদল ব্যক্তি। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তাঁকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাঁর পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় এসআরবি। এরই অংশ হিসেবে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্প এবং এসআরবি-১০-এর সিপিএসসি কোম্পানি, লালবাগ, ঢাকার একটি যৌথ অভিযানিক দল গঠন করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।
