এইমাত্র
ভোলা

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে যুবকের আমরণ অনশন

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নয়ন খান (২৫) নামের এক যুবক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশপথে এ কর্মসূচি শুরু করেন তিনি।

ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান প্রায় এক মাস ধরে এ দাবিতে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনে অংশ নিয়েছেন আরও কয়েকজন যুবক। তাঁরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ।

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর বন্ধ থাকা আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

তিনি আরও জানান, একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তাঁর কর্মসূচির কারণ জানতেও কেউ আগ্রহ দেখাননি। এ অবস্থায় দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন তিনি।

নয়নের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান বিএইচএস নিউজকে বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাঁদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় জনবল নেই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে এখনো তা চালু করা সম্ভব হয়নি।