এইমাত্র
ভোলা

অসময়ের বৃষ্টিতে ভোলায় ৮০ ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে ভোলার ইটভাটা শিল্প। ইট পোড়ানোর মৌসুমের শুরুতেই চাতালে শুকাতে দেওয়া কোটি কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে গলে নষ্ট হয়ে গেছে।

জেলার মোট ১২৫টি ইটভাটার মধ্যে অন্তত ৮০টি ভাটায় এই বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাটা মালিকদের দাবি, প্রতিটি ভাটায় ২ থেকে ৩ লাখ কাঁচা ইট নষ্ট হওয়ায় ভাটাপ্রতি ১৫ থেকে ২০ লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।

বৃষ্টির কারণে ভাটায় কাঁচা ইট তৈরির কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন মালিক ও শ্রমিক উভয়ই।

ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ বিএইচএস নিউজকে জানান, ক্ষতিগ্রস্ত মালিকদের ঋণের কিস্তি স্থগিত, সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে সমিতি। পরিবেশবান্ধব ইট তৈরির জন্য প্রতিটি ভাটায় গ্যাস সংযোগ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী মালিকরা বলছেন, ব্যাংক ঋণ ও ধারদেনা করে মৌসুমের কাজ শুরু করলেও এই আকস্মিক দুর্যোগে পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সরকারি সহায়তা না পেলে চলতি মৌসুমে ভোলা জেলার ইট উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।