সার্ভার সমস্যার কারণে বরিশাল প্রধান ডাকঘরের সঞ্চয় ব্যাংকে টাকা জমা ও উত্তোলন—দুটোই বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে ঢাকার সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় লেনদেন বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক গ্রাহক ডাকঘরে এসে টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন।
নগরীর দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা বাকেরা আহমেদ দীপা বিএইচএস নিউজকে জানান, সংসারের খরচ চালানোর জন্য তিনি পোস্ট অফিসে টাকা জমা রাখেন। প্রতি মাসে সেখান থেকে টাকা তুলে সংসারের খরচ চালান। গত ১৮ নভেম্বর টাকা তুলতে বরিশাল প্রধান ডাকঘরে গেলে তাঁকে জানানো হয়, ইন্টারনেট সংযোগ চালু নেই। ঢাকায় সার্ভার সমস্যার কারণে লেনদেন বন্ধ রয়েছে। এরপর ১৯, ২০ ও সর্বশেষ ২২ নভেম্বর ডাকঘরে গিয়েও একই কারণে টাকা না পেয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে।
দীপা বলেন, ‘চার দিন ঘুরেও ডাকঘরের সঞ্চয় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, এতে আমরা গ্রাহকরা বিপাকে পড়েছি।’ দরগাহ বাড়ি থেকে ডাকঘরে আসা-যাওয়ায় গত চার দিনে যানবাহন বাবদ তাঁর খরচ হয়েছে ৫০০ টাকা।
এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পেনশনভোগী পরিবারগুলো। এককালীন টাকা জমা রেখে সেখান থেকে পাওয়া লভ্যাংশে সংসারের খরচ চালান তাঁদের অনেকে। বরিশাল প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার সালেহ উদ্দিন মিয়া বিএইচএস নিউজকে জানান, তাঁর পেনশনের টাকা পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে জমা রয়েছে। সেখান থেকে পাওয়া লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তিনি। কিন্তু চার দিন ধরে তাঁর পরিবারের সদস্যরা টাকা তুলতে গিয়ে সার্ভার সমস্যার কারণে ফিরে আসছেন।
টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমা দিতে গিয়েও বিপাকে পড়েছেন গ্রাহকেরা। পাঁচ দিন ধরে টাকা জমা দিতে পোস্ট অফিসে ঘুরছেন কয়েকজন। নাম প্রকাশ না করার শর্তে ৬০ বছর বয়সী এক বিধবা নারী জানান, তাঁর ছেলে তাঁকে তিন লাখ টাকা দিয়েছেন। ওই টাকা পোস্ট অফিসে জমা রেখে প্রতি মাসে লভ্যাংশ দিয়ে চলার পরিকল্পনা করেছেন তিনি। ওই টাকা দিয়ে ওষুধ, তিন বেলার খাবার এবং প্রয়োজনে চিকিৎসকের খরচ চালাবেন।
কবে নাগাদ সার্ভার সচল হবে, সে বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারছে না। সেভিংস ব্যাংকে কর্মরত কর্মকর্তারা জানান, শুধু বরিশাল নয়, সার্ভার সমস্যার কারণে সারা দেশে পোস্ট অফিসের সেভিংস ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. নছরউল্লাহ বিএইচএস নিউজকে বলেন, ‘গত সপ্তাহ থেকে ঢাকায় সার্ভারের সমস্যা থাকায় সেভিংস ব্যাংকের টাকা জমা ও উত্তোলন—কোনোটিই করা যাচ্ছে না। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সার্ভার সচল হবে এবং গ্রাহকদের সমস্যাও দূর হবে।’
