বরিশালের হিজলা উপজেলাকে নদীভাঙন থেকে রক্ষায় ২০২৪ সালে শুরু হওয়া নদীরক্ষা বাঁধ প্রকল্পের ১২ ও ১৩ নম্বর প্যাকেজের কাজ প্রায় শেষের পথে। বাউশিয়া ৮ নম্বর ওয়ার্ডের ৬০০ মিটার বাঁধ এখন দৃশ্যমান হয়েছে।
১৫টি প্যাকেজের মাধ্যমে মোট ৭২৮ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ১২ ও ১৩ নম্বর প্যাকেজে কাজ করছে জেবি ও ফারজানা কনস্ট্রাকশন। প্রায় তিন বছর ধরে নিরলস পরিশ্রমের পর এই দুই প্যাকেজের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এই ৬০০ মিটার বাঁধের কাজে ইতিমধ্যে ৩ লাখের বেশি ব্লক এবং প্রায় ১ লাখ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এর পাশাপাশি ১২টি সোলার লাইট, বসার জন্য ১২টি বেঞ্চ, ছাতা বৈঠকখানাসহ ৬ সেট এবং ৬টি সিঁড়ির মধ্যে ৫টি নির্মাণের কাজ শেষ হয়েছে; একটি সিঁড়ির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই দুই প্যাকেজের জন্য মোট ৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) মো. বেলাল বিএইচএস নিউজকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করে হস্তান্তর করা যাবে। এখন কাজ শেষ পর্যায়ে আছে, অবশিষ্ট সময়ের মধ্যে শতভাগ কাজ সমাপ্ত হবে।
ঠিকাদার প্রতিষ্ঠান জেবি ট্রেডার্সের সাইট ম্যানেজার মো. রুবেল হোসেন বিএইচএস নিউজকে বলেন, সাধ্যমতো চেষ্টা করে শতভাগ নিখুঁত কাজ করার চেষ্টা করেছেন। সব নির্ধারিত কাজ সমাপ্তির পথে, ডিসেম্বর মাসের মধ্যেই সব কাজ শেষ করে হস্তান্তরে তারা বদ্ধপরিকর।
ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. জুয়েল মোড়ল বিএইচএস নিউজকে বলেন, প্রায় তিন বছর ধরে নিরলস পরিশ্রম ও চেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই প্যাকেজ দুটির কাজ প্রায় শেষ করতে সক্ষম হয়েছেন। কিছু শ্রমিক দিন-রাত পরিশ্রম করেছেন।
স্থানীয় বাসিন্দা মো. বেলাল বলেন, তাদের কাজে তারা খুশি। তবে গোসল করার ঘাটের ব্যাপারে তিনি বলেন, সিঁড়িগুলো আরও নিচে নামিয়ে দিলে সবাই আরও বেশি উপকৃত হতো। স্থানীয় ব্যবসায়ী জাকির বলেন, ঠিকাদাররা সর্বাত্মক চেষ্টা করেছে কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার বিএইচএস নিউজকে বলেন, তিনি শুনেছেন তারা নির্ধারিত দুটি প্যাকেজের কাজ প্রায় সম্পন্ন করেছে। পরিদর্শন করে পরে জানাবেন।
এদিকে এলাকাবাসীর দাবি, নদীরক্ষা বাঁধটি যেন কেউ কোনোভাবে ক্ষতি করতে না পারে সেদিকে সবার, বিশেষ করে প্রশাসনের সুদৃষ্টি থাকুক। বাঁধের কাজ যেন দীর্ঘস্থায়ী হয়, সেজন্য পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা কামনা করছেন তারা। এলাকাবাসী জানান, তারা অনেক সম্পদ ও ঘরবাড়ি হারিয়েছেন; যা আছে তা নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চান।
