এইমাত্র
হিজলা

চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ জুয়েল মল্লিকের বিরুদ্ধে

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৬০ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সহকারী জুয়েল মল্লিকের বিরুদ্ধে। বর্তমানে তিনি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে খাদ্য অধিদপ্তর ২৫টি ক্যাটাগরিতে ১ হাজার ৭৯১টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগকে কেন্দ্র করে জুয়েল মল্লিক বরিশালসহ বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশীদের সঙ্গে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার চুক্তি করেন বলে অভিযোগ রয়েছে। একেকজনের কাছ থেকে এক লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী সাদিয়া (ছদ্মনাম) জানান, জুয়েল নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তাঁর এক স্বজনকে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অনুসন্ধানে পাওয়া অভিযোগ ও নথি অনুযায়ী, বরিশাল নগরীর সিটি ব্যাংকের একটি শাখায় ‘জুয়েল এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এছাড়া ওয়ান ব্যাংকে নয়ন সিকদার নামের একটি হিসাবসহ একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, এসব হিসাবের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও লাখ লাখ টাকা লেনদেন হয়েছে।

সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় নিজের নামে ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টিও সামনে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি চাকরির পরিচয় ও স্বজনদের প্রভাব কাজে লাগিয়ে চাকরিপ্রত্যাশীদের আস্থা অর্জন করতেন জুয়েল। তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধেও নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তাঁরা।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, জুয়েল মল্লিকের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার বলেন, জুয়েল মল্লিকের নিয়োগ জেলা প্রশাসকের কার্যালয় থেকে হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকের রয়েছে।

অন্যদিকে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জুয়েল মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাংক হিসাবে লেনদেনের প্রসঙ্গ শুনেই তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।