এইমাত্র
ভোলা

মনপুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৫ হাজার মানুষ

ভোলার মনপুরা উপজেলার চিকিৎসাবঞ্চিত ৫ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। চার দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে তাঁদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

গত সোমবার থেকে বৃহস্পতিবার (২৩-২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া বাজার, নতুন বাজার ও রহমানপুরে ফিরোজ মুন্সীর বাড়িতে এই চিকিৎসাসেবা চলে।

ক্যাম্পে নেপাল থেকে আসা এমবিবিএস চিকিৎসক ডা. নবীন যাদব ও ডা. সুষ্মিতা রাগবংশী চার দিন ধরে রোগী দেখেন। নারী-পুরুষ, বয়স্ক ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেন।

স্থানীয়রা বিএইচএস নিউজকে জানান, দুর্গম এলাকার মানুষ সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পান না; অসুখ বেশি হলে নদী পেরিয়ে চরফ্যাশন হাসপাতালে যেতে হয়। বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা পেয়ে তাঁরা খুশি। তাঁরা প্রতিবছর এ ধরনের ক্যাম্পের দাবি জানান।

ক্যাম্পের উদ্যোক্তা ফিরোজ মুন্সী বিএইচএস নিউজকে বলেন, প্রতি বছর মেঘনাপাড়ের চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে থাকবেন। আগামী দিনেও এই ক্যাম্প চালু রাখার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।