ভোলা জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী মোট ১ লাখ ১৮ হাজার ৮৮৯টি অর্থনৈতিক ইউনিট শনাক্ত হয়েছে। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন।
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট প্রকাশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাকসুদুর রহমান শুমারির ফলাফল উপস্থাপন করেন।
শুমারির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে জেলায় অর্থনৈতিক ইউনিট ছিল ৬৯ হাজার ৭৭০টি। গত ১১ বছরে তা বেড়েছে প্রায় ৭০ দশমিক ৪ শতাংশ। জেলায় ৬৯ হাজার ৫০টি স্থায়ী প্রতিষ্ঠান, ৪ হাজার ১৪৯টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৬৯০টি অর্থনৈতিক খানা রয়েছে।
সেমিনারে জানানো হয়, জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৬ দশমিক ৯৫ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৩ দশমিক ০৫ শতাংশ শহরাঞ্চলে অবস্থিত। কর্মসংস্থানে গ্রামীণ এলাকায় ১ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন এবং শহরাঞ্চলে ৮৬ হাজার ৩৫১ জন নিয়োজিত। সেবা খাতে ১ লাখ ৯ হাজার ২৭৩টি এবং শিল্প খাতে ৯ হাজার ৬১৬টি ইউনিট পরিচালিত হচ্ছে। উপজেলার মধ্যে চরফ্যাশনে সর্বাধিক ৩০ হাজার ৬৮৫টি এবং ভোলা সদরে ২৯ হাজার ৭১৮টি অর্থনৈতিক ইউনিট রয়েছে। এ দুটি উপজেলায় জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৫০ দশমিক ৮১ শতাংশ অবস্থিত।
সেমিনারে ক্ষুদ্র ও পারিবারিক উদ্যোগের প্রসার, সহজ অর্থায়ন, উদ্যোক্তাদের নিবন্ধন সহায়তা, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, বাজারসংযোগ এবং শিল্প বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
