এইমাত্র
ভোলা

২৯ বছর পর দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি ইকবাল হাওলাদার

ভোলার চরফ্যাশনে দীর্ঘ ২৯ বছর পর দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ আইচা রাব্বানীয় আলীম মাদ্রাসায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬৩ জন। সাতটি পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে মো. ইকবাল হাওলাদার ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২০২ ভোট। সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীকে মো. মিজানুর রহমান ২৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রভাষক মোহাম্মদ আলী পেয়েছেন ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ঘুড়ি প্রতীকে মো. জাকির তালুকদার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের আবদুর মন্নান হাওলাদার পেয়েছেন ১৭২ ভোট। যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে আ. সত্তার সদার ২৮৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে জগ প্রতীকে মো. বাচ্ছু ৩২৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে রিকশা প্রতীকে মো. জাফর স্বর্ণকার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে কামাল খা, ৩ নম্বর ওয়ার্ডে মো. রাছেল, ৪ নম্বর ওয়ার্ডে মো. শফিক, ৫ নম্বর ওয়ার্ডে আলমগীর ও ৬ নম্বর ওয়ার্ডে জয়নাল মাল নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, সবার সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।