সরকারি অর্থ উত্তোলনের উদ্দেশ্যে অনুমোদন ছাড়াই ভুয়া বিল তৈরি ও দাখিলের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল/৪৫৩ মো. মাসুক হাসান, কনস্টেবল/১৫৯ জয়দেব কুমার মজুমদার এবং কনস্টেবল/৪৮৭৭ মো. সঞ্জীব মিয়া।
অফিস আদেশে বলা হয়, বিএমপির হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, তিন কনস্টেবল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই iBAS++ সিস্টেম ব্যবহার করে একটি ভুয়া বিল তৈরি ও দাখিল করেন। ওই বিলের মাধ্যমে প্রায় ১৮ লাখ ৬০ হাজার ১৮৪ টাকা কমিউনিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টে পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।
তবে ব্যাংকে অর্থ পরিশোধের আগেই বিষয়টি শনাক্ত হয়। পরে হিসাব শাখার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রবিধান (পিআরবি) ১৯৪৩-এর বিধি ৮৩৯ অনুযায়ী অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।



