এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ ৭০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ আব্দুল হক হাওলাদার (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার পুলিশের একটি দল অভিযান চালায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) সজল সাহার নেতৃত্বে পুলিশের দলটি কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় পায়রা পেট্রোল পাম্পসংলগ্ন ধলুগাজীর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি গাঁজাসহ আব্দুল হক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী সদর থানার এসআই মো. জসিম উদ্দিন বিএইচএস নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজল সাহা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।