বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য। পাশাপাশি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের একজন জনপ্রিয় ও দক্ষ ড্রামার হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত শিশির বাবু বীর মুক্তিযোদ্ধা ও বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে একটি পক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে এই জমির মালিকানা ও বণ্টন নিয়ে পরিবারের দুই ভাইয়ের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে নিহত শিশির বাবুর সঙ্গে তাঁর বড় ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন দুজনই। পরে পরিবারের সদস্যরা শিশির বাবুকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। এতে শিশির বাবুর বুক ও মাথায় আঘাত লাগে বলে দাবি তাঁদের। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন।
নিহতের স্ত্রী লিজা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি আহত অবস্থায় স্বামীকে চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার কথা জানিয়ে লিজা বেগম বলেন, তাঁদের সামনে এখন শুধুই ঘোর অন্ধকার।
এদিকে, শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
