জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের সুযোগ থাকা উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর মতে, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, সংসদে সংরক্ষিত ১০০টি নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই। তাই রাজনীতিতে তাদের সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারী শিক্ষার অগ্রদূত। তাঁর উদ্যোগেই মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছিল। এবার মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
এ সময় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
