পটুয়াখালী, ১৫ নভেম্বর: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দেড় শতাধিক স্কুল শিক্ষার্থী। পাঁচ বছর আগে খালের ওপর লোহার সেতুটি ভেঙে পড়ার পর আর নতুন সেতু হয়নি। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে এই সাঁকোই এখন ওই এলাকার মানুষের একমাত্র ভরসা।
গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের প্রবেশমুখে কালাইকেশর খাল। খালের ওপর ২৪০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি পার হয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চলাচল করে। সাঁকোটির উত্তর পাশে আমখোলা ইউনিয়ন পরিষদ ও বাঁশবুনিয়া গ্রাম।
স্থানীয়রা জানান, ২০২১ সালে কালাইকেশর খালের ওপর লোহার সেতুটি ভেঙে পড়ে। এরপর সেখানে আর সেতু নির্মাণ করা হয়নি। পরে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়। সেই সাঁকো দিয়ে এখন গ্রামের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। তবে সাঁকো দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না।
সাঁকো থেকে মাত্র ১৫০ ফুট দূরে নিজ সুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থী ১২০ জন, এর মধ্যে ৬০ জন সাঁকো ব্যবহার করে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সাজী জানান, বাঁশের সাঁকোর কারণে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, সাঁকো পার হওয়ার সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে বারবার বই দেওয়া হয় না, তাই বই পড়ে গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়।
সাঁকো থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থী ৪৮২ জন, এর মধ্যে ৯০ জন সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যায়।
ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার বলে, সাঁকো দিয়ে স্কুলে যেতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে।
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের সাঁকো পার হতে সবচেয়ে বেশি কষ্ট হয়। শীতকালে কুয়াশার কারণে সাঁকো পার হওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সাঁকোর কারণে শুধু শিক্ষার্থীরাই নয়, ভোগান্তিতে পড়েছেন গ্রামের সবাই। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে গেলে সাঁকো পার হয়ে যেতে হয়। এতে সময় নষ্ট হয় এবং রোগীর অবস্থা আরও খারাপ হয়।
আমখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল মামুন জানান, একটি বাঁশের সাঁকোর কারণে প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গলাচিপা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, সাঁকোর জায়গায় সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।
