মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হুমায়ুন কবির সোপান, জমিয়াতে মোদারেছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, সদর উপজেলা জামায়াতের আমির কামাল হোসাইন এবং আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশারেফ অমি প্রমুখ।

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রথম অধিকার এ জেলার মানুষের। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে।

দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। বর্তমানে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় এ জেলার বাসিন্দাদের। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করতে হয়।

আমরা ভোলাবাসী সংগঠনের অন্যতম সংগঠক এনামুল হক জানান, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বদলে যাবে দ্বীপজেলার মানুষের জীবনমান। সহজ হবে চিকিৎসাসেবা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে ভোলাসহ দক্ষিণাঞ্চল।