বরিশালের আগৈলঝাড়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ফালিয়া জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের সুধীর ফালিয়ার ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিএইচএস নিউজকে জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই রথীন ঘরামী বিএইচএস নিউজকে জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী। তাঁকে নিতে বানারীপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন সৌরভ। তবে দীর্ঘ সময় পার হলেও সৌরভ সেখানে না পৌঁছানোয় তাঁর মোবাইল ফোনে কল দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ ফোনটি রিসিভ করে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ শনাক্ত করেন রথীন ঘরামী।
ওসি মোহাম্মদ মাসুদ খান বিএইচএস নিউজকে জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
