মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলায় টিউবওয়েল বসানো নিয়ে মারধর, ঘর ভাঙচুর, আহত ৫

ভোলায় টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ নভেম্বর) বিকালে সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাজেদ আলী বয়াতী বাড়িতে এই ঘটনা ঘটে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শামসুদ্দিন মিয়া তাঁর নিজ জমিতে ঘরের সঙ্গে একটি টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন। এ সময় রাজ্জাকের ছেলে রুবেল ওই জমি নিজেদের দাবি করে বাধা দেন। এ নিয়ে ঘটনাস্থলে নাজিম উদ্দিনের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেলের নেতৃত্বে জাকির হোসেন, মনির হোসেন, শাহিন, সুমন, শামীম, আল আমিন ও লিপি আক্তারসহ ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আব্দুর রশিদের ছেলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

নাজিম উদ্দিনের আত্মচিৎকারে শামসুদ্দিনের ছেলে মো. নাঈম, শামসুদ্দিনের স্ত্রী পারভীন বেগম এবং নাজিম উদ্দিনের স্ত্রী খাদিজা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এ সময় খাদিজা বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাঁদের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘর থেকে নগদ টাকা, মূল্যবান মালামাল ও টিউবওয়েলের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এমনকি টিউবওয়েল বসাতে আসা শ্রমিকদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে অভিযুক্ত রুবেলসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।