মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
পটুয়াখালী

দশমিনায় কৃষি ব্যাংকে হামলা, ম্যানেজারের টেবিলের কাচ ভাঙচুর

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুদান না দেওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় হামলা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। অভিযোগ, গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুদান না দেওয়ায় আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. আসাদুল দফাদার ও ৮-৯ জন নেতাকর্মী ব্যাংকে ঢুকে শাখা ব্যবস্থাপক মো. সোহাগ হোসেনকে হুমকি দেন এবং তাঁর টেবিলের কাচ ভেঙে ফেলেন।

জানা গেছে, গত ২৭ অক্টোবর বিকেলে আসাদুল দফাদার ব্যাংকের ব্যবস্থাপকের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছিলেন। তখন ব্যবস্থাপক পরে দেখা করার কথা বলে তাঁদের বিদায় দেন। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১১টার দিকে আসাদুল দফাদার সংগঠনের ৫-৬ জন নেতাকর্মীকে পুনরায় অনুদানের টাকার জন্য ব্যবস্থাপকের কাছে পাঠান। অফিসিয়াল কোনো বরাদ্দ না থাকায় ব্যবস্থাপক তাঁদের চা-চক্রের মাধ্যমে আপ্যায়ন করে বুঝিয়ে পাঠিয়ে দেন।

এর এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে আসাদুল দফাদার ও রাকিব ৮-৯ জন নেতাকর্মী নিয়ে ব্যাংকে প্রবেশ করেন। অনুদান না দেওয়ার কারণ জানতে চেয়ে তাঁরা ব্যবস্থাপকের সঙ্গে অশ্লীল ভাষায় উচ্চবাচ্য শুরু করেন। ব্যবস্থাপক তাঁদের শান্ত হতে বললে আসাদুল দফাদার ক্ষিপ্ত হয়ে ব্যবস্থাপকের টেবিলে সজোরে থাপ্পড় মারেন, এতে টেবিলের ওপর থাকা কাচ ভেঙে যায়। বের হয়ে যাওয়ার সময় রাকিব হুমকি দিয়ে বলেন, পরে দেখে নেওয়া হবে।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. লিটন বিএইচএস নিউজকে জানান, সকালে প্রথমে ৪-৫ জন এসে অনুদানের কথা বললে ব্যবস্থাপক তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেন। পরে সভাপতিসহ ৭-৮ জন এসে কথা-কাটাকাটির একপর্যায়ে টেবিলের কাচ ভাঙচুর করে হুমকি দিয়ে চলে যায়।

ঘটনার পরপরই ব্যাংক ব্যবস্থাপক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এদিকে সরকারি ব্যাংকে এমন হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সন্ধ্যায় চাঁদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

শাখা ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন বিএইচএস নিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আসাদুল দফাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বিএইচএস নিউজকে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বিএইচএস নিউজকে বলেন, ঘটনার বিষয় শুনে বিকেলে পুলিশ পাঠিয়ে অবহিত হয়েছেন; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।