বরিশাল বিভাগজুড়ে বাড়ছে অবৈধ ইটভাটার বিস্তার। সরকারি হিসাবে বিভাগে বৈধ ইটভাটার সংখ্যা ২৯৬টি। অথচ অনুসন্ধানে পাওয়া গেছে ৫০০টিরও বেশি অবৈধ ইটভাটার তথ্য। এসব ভাটার বড় অংশই গড়ে উঠেছে চরাঞ্চল ও দুর্গম এলাকায়। কোথাও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে, কোথাও কৃষিজমির কাছেই চলছে ইট উৎপাদন।
কয়লার পরিবর্তে এসব ভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলোকে ম্যানেজ করেই চলছে অবৈধ এ কারবার।
সরেজমিনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামে দেখা গেছে, মাত্র ৬০০ ফুটের মধ্যে পাশাপাশি গড়ে উঠেছে মেসার্স হাসান ব্রিকস ও আইবিএফ নামের দুটি ইটভাটা।
ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে গড়ে উঠেছে এসব স্থাপনা, আর কোন জ্বালানিতে পোড়ানো হচ্ছে ইট—এসব প্রশ্নের উত্তর খুঁজতে ভাটায় গিয়ে তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন প্রতিবেদক। একপর্যায়ে হাসান ব্রিকসের মালিক ফারুক মৃধার ছেলে হাসান মৃধা প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি অফিস কক্ষের দরজা আটকে হামলার চেষ্টাও করেন তিনি।
এ সময় হাসান মৃধা বলেন, “আপনি ক্যামেরা-বুম ছাড়া আসেন, তাহলে কথা বলব। আর অন্য দশ জায়গায় যেভাবে কাঠ পোড়ায়, আমরাও সেভাবে করি। আপনি পরিবেশের লোক না। আপনার যা করার কইরেন।”
