মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন স্টেডিয়াম কলোনির নারীরা

বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির ৩০ নারীর জীবন বদলে দিয়েছে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’। ফেলে দেওয়া কাপড় দিয়ে তাঁরা তৈরি করছেন দৃষ্টিনন্দন ব্যাগ, নকশিকাঁথা ও নানা ধরনের হস্তশিল্পপণ্য। ঘরে বসেই এসব কাজ করে উপার্জন করছেন তাঁরা, ফিরছে সংসারে সচ্ছলতা।

দিনমজুর স্বামীর আয়ে ছয়জনের সংসারে চলত টানাপোড়েন। তাই গৃহবধূ রিয়ামনি আক্তারের কাজ করার আগ্রহ ছিল, সেলাইয়ের কাজও জানতেন। কিন্তু উপার্জনের সুযোগ ছিল না। একই অবস্থা ছিল স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর।

রিয়ামনি এখন ব্যাগ তৈরির কাজ শিখেছেন। তিনি বিএইচএস নিউজকে বলেন, একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে ৮০ টাকা মজুরি পান। এখন মাসে ৯–১০ হাজার টাকা আয় করেন তিনি। এতে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরেছে। তবে তাঁদের মেশিন দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না। ভালো মেশিন পেলে আরও বেশি কাজ করতে পারতেন, তখন আরও বেশি আয় করতে পারতেন।

সেলাই মেশিন নেই গৃহবধূ সাথী আক্তারের। তাই তিনি আপাতত হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করছেন। এ কাজ করে যে অর্থ পান, তা দিয়ে সংসারে স্বামী-সন্তানের পাশে দাঁড়াচ্ছেন।

এখন পর্যন্ত ৩০ নারীকে প্রশিক্ষণ দিয়েছে ‘প্রজেক্ট প্রেরণা’। তবে এ উদ্যোগের অধীন নিয়মিত কাজ করছেন ১৪ জন। তাঁদের মধ্যে সাতজন ব্যাগ তৈরি করেন, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ করেন। বাকি দুজন ব্যাগ ধোয়া ও প্যাকেজিংয়ের কাজ করেন। প্রশিক্ষণ নেওয়া বাকি ১৬ জন তাঁদের মতো করে কাজ করছেন।

তাঁদের তৈরি পণ্য অনলাইনে বিক্রি হয়। পাশাপাশি ব্র্যাক, সামাজিক প্ল্যাটফর্ম বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে।

২০২৪ সালের ১০ নভেম্বর প্রজেক্ট প্রেরণার যাত্রা শুরু হয়। ২০২৪ সালে ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ যুব প্ল্যাটফর্মের আওতায় এক মাসের প্রশিক্ষণ নেন পাঁচ শিক্ষার্থী। এরপর নিজেদের উদ্যোগে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন প্রজেক্ট প্রেরণা। কোনো ঋণ না নিয়ে বিভিন্ন জায়গা থেকে পাওয়া অর্ডারের অর্থ দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

প্রজেক্ট প্রেরণার অন্যতম সংগঠক সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির বিএইচএস নিউজকে বলেন, ‘এখানে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের কর্মী নন, বরং আমাদের পার্টনার।’

আবির মাহমুদ বলেন, প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকার বিক্রি হয়েছিল। চলতি বছরে ১ হাজার ২০০টি ব্যাগ বিক্রি করে আয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। নকশিকাঁথা বিক্রি থেকেও আয় হচ্ছে। ব্যয় বাদ দিয়ে বিক্রির অর্থের প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।

উদ্যোগটির পরিসর ছোট হলেও কাজের প্রভাব অনেক বড়। আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার লক্ষ্যমাত্রা আছে প্রজেক্ট প্রেরণার। একটি মিনি প্রোডাকশন হাউস তৈরির উদ্যোগও নিয়েছেন তাঁরা। সেখানে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। নারীরা নিজেদের সুবিধামতো সময়ে এসে কাজ করতে পারবেন।

আবির মাহমুদ মুনতাহির ছাড়া প্রজেক্ট প্রেরণার অপর চার উদ্যোক্তা হলেন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বীথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম ও বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি।

মো. সিয়াম বলেন, ‘আমরা দেখেছি, কলোনির অনেক নারীর কাজ করার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নেই। প্রথমে ১০ নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তখনো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছি।’

এ উদ্যোগের সঙ্গে বীথি আক্তারের রয়েছে ব্যক্তিগত আবেগও। স্টেডিয়াম বস্তিতেই বেড়ে ওঠা তাঁর। ব্যাগের নকশাগুলো করেন বীথি নিজেই। বীথি বলেন, ‘আমাদের তৈরি প্রথম ব্যাগটি এক বন্ধু ১৫০ টাকা দিয়ে কিনেছিল। সেই যে অনুপ্রেরণা পেয়েছি, তারপর আর বসে থাকিনি, এগিয়ে যাচ্ছি এবং যাবই।’

উদ্যোক্তা নন্দিনী তিথি বলেন, তাঁদের তৈরি এক রঙের সাধারণ ব্যাগ পাইকারি বিক্রি হয় ১২০ টাকায়। হাতে কাজ করা ব্যাগের দাম ৩০০ থেকে ৮০০ টাকা। গ্রাহকের পছন্দ অনুযায়ী, হাতে আঁকা ব্যাগ বিক্রি হয় ৫০০ থেকে ১ হাজার টাকায়। আর প্রতিটি নকশিকাঁথা পাইকারি বিক্রি হয় ৪ হাজার টাকায়।

ওই তরুণ পাঁচ শিক্ষার্থীর সৃজনশীল উদ্যোগ স্টেডিয়াম কলোনিতে সরেজমিনে ঘুরে দেখেছেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। তিনি বিএইচএস নিউজকে বলেন, উদ্যোগটির কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাঁরা যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন।