মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন

বরিশালে থামছে না নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে জেলার অন্তত ৩৪টি পয়েন্টে চলছে বালু উত্তোলনের কারবার। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা ও ড্রেজার জব্দ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে একদিকে বাড়ছে নদীভাঙনের ঝুঁকি, অন্যদিকে হুমকির মুখে পড়ছে কৃষিজমি ও নদীর জীববৈচিত্র্য।

সরেজমিনে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে দেখা যায়, রাত বাড়তেই নদীর বুকে চলে বালু উত্তোলনের মহোৎসব। বৈধ ইজারা কিংবা নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজার বসিয়ে দিন-রাত সমানতালে চলছে বালু উত্তোলন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চললেও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যক্রম। তথ্য অনুযায়ী, শতাধিক ব্যক্তির সমন্বয়ে বরিশালে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের শক্তিশালী সিন্ডিকেট। জেলার আড়িয়াল খাঁ, কালাবদর, গজারিয়া, সন্ধ্যা, জয়ন্তীসহ মেঘনার বিভিন্ন শাখা নদীর অন্তত ৩৪টি পয়েন্টে চলছে বালু উত্তোলন। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় বাড়ছে ভাঙনের আশঙ্কা। বসতভিটা ও ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

গত দুই মাসে জেলায় অন্তত সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে। তবুও থামছে না এই অবৈধ কার্যক্রম।

নগরীর রুপাতলীর বাসিন্দা মাহিনুর বেগম বিএইচএস নিউজকে বলেন, নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। প্রশাসনের অভিযান হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

কালিজিরা এলাকার বাসিন্দা মিজানুর বিএইচএস নিউজকে বলেন, দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ি ও জমিজমা নিয়ে বিপদে পড়তে হবে।