পটুয়াখালীর কলাপাড়ায় ধানখেতে ব্যানার হাতে দাঁড়িয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কৃষক ও স্থানীয়রা। রোববার (১৫ নভেম্বর) সবুজ ধানখেতের মাঝখান দিয়ে যাওয়া সরু মাটির পথে দাঁড়িয়ে প্রায় ৩০ জন কৃষক, কর্মী ও স্থানীয় মানুষ “জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়” লেখা ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-কে সামনে রেখে “মাঠ থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার” শীর্ষক দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় বেসরকারি সংস্থা খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) ও এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ফেড), পটুয়াখালী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে জলবায়ু আলোচনায় তাদের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানান। আয়োজকরা বিএইচএস নিউজকে জানান, এবারের কপ-৩১-এর প্রথম দিন ৯ নভেম্বরকে “খাদ্য, কৃষি ও স্বাস্থ্য” দিবস হিসেবে নির্ধারণ করা হলেও সেদিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট আর্থিক প্রতিশ্রুতি, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি।
কর্মসূচিতে উপস্থাপিত তথ্যে বলা হয়, বিশ্বব্যাপী অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হলেও এ খাত অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ পায়। জলবায়ু-সম্পর্কিত উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।
বিক্ষোভকারীরা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০ দশমিক ৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি দেশের কৃষি। কর্মসূচিতে অংশ নেওয়া একজন কর্মী বলেন, “যেকোনো রূপান্তর অর্জন করতে হবে কৃষকের খরচ কমিয়ে ও খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থায়ন ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া চলবে না। আমরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কৃষকদের অর্থবহ অংশগ্রহণ দাবি করছি।”
অংশগ্রহণকারীরা আরও বলেন, সৌরচালিত সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে। গ্রিন ক্লাইমেট ফান্ড ও অ্যাডাপটেশন ফান্ডে তাদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ প্রতিনিধি দলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
কর্মসূচি সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালীর সদস্য সচিব নজরুল ইসলাম। বিভিন্ন সম্প্রদায় ও কর্মীগোষ্ঠীর প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।
