মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ঝালকাঠি

নলছিটিতে সুখি বেগম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। রোববার (১৫ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ থানার বিরঙ্গল গ্রামের বাসিন্দা মো. মন্নান হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, নিহত সুখি বেগম (৪৫) নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মো. মনির হাওলাদার সেখানে মাংসের ব্যবসা করতেন।

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বসতঘরে সিঁধ কেটে ঢোকে। ঘরের ওয়ারড্রবের ড্রয়ারে গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা ছিল। টাকা চুরির চেষ্টার সময় সুখি বেগম দুর্বৃত্তদের চিনে ফেলেন। তখন দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন। তদন্তে হাসান হাওলাদার প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত হন। তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।