মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

এইচএসসিতে বরিশাল বিভাগে মেধা তালিকায় প্রথম বরগুনার মৌমিতা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে হিয়া মৌমিতা। মানবিক বিভাগের এ শিক্ষার্থী মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৩ নম্বর পেয়েছেন।

এর আগে এসএসসি পরীক্ষায়ও তিনি বরগুনা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

মৌমিতার এ সাফল্যের পেছনে রয়েছে তাঁর মায়ের নিরলস পরিশ্রম, ত্যাগ ও অনুপ্রেরণা। তাঁর মা ফেরদৌসী আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষকতার দায়িত্বের পাশাপাশি মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়তে তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন।

মেয়ের এমন অর্জনে আনন্দিত মা ফেরদৌসী আক্তার বিএইচএস নিউজকে বলেন, মেয়ের এই সাফল্য তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দের একটি। অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মেয়েকে পড়াশোনা চালিয়ে যেতে তিনি সবসময় উৎসাহ দিয়েছেন।

নিজের অনুভূতি জানিয়ে উম্মে হিয়া মৌমিতা বিএইচএস নিউজকে বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়, এটি তাঁর মায়ের ত্যাগ, ভালোবাসা ও পরিশ্রমের ফল। জীবনের প্রতিটি কঠিন সময়ে মা তাঁর পাশে ছিলেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

মৌমিতার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর সাফল্য শুধু পরিবারের নয়, বরগুনার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।