মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল জেলা

স্বামীর মর্যাদা পেতে কাজিরহাটে শ্বশুরবাড়ির সামনে স্ত্রীর অনশন

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে স্বামীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে অনশন করেছেন এক নারী। রোববার সকাল ১১টা থেকে দিনভর তিনি লতা ইউনিয়নের চর উদয়পুর গ্রামে স্বামী লিওন বাঘার বাড়ির সামনে অবস্থান নেন। পরে রাতে তাঁকে কাজিরহাট বাজারে নিয়ে যাওয়া হয়।

অনশনরত নারী তানিয়া বেগম গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার সুজন মিয়ার মেয়ে। তাঁর অভিযোগ, দুই বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে পাঁচ লাখ টাকা দেনমোহরে লিওন বাঘার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর সেকুল বাঘা ও শাশুড়ি নুরজাহান বেগম তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে বসতভিটায় স্থান দিলেও কিছুদিন পর শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে তাড়িয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তানিয়া বেগমের ভাষ্য, স্বামীকে পেতে তিনি আইনের আশ্রয় নেন। গাজীপুর থেকে স্বামীর বাড়ি এসে বসতঘরে উঠলে তাঁর সঙ্গে গালমন্দসহ খারাপ আচরণ করা হয়। সন্ধ্যার দিকে ননদ নিলুফা বেগম ও ইউপি মহিলা সদস্যের মাধ্যমে কৌশলে তাঁকে বাড়ি থেকে বের করে কাজিরহাট বাজারে নিয়ে আসা হয়। পরে রাত ৮টার দিকে তিনি কান্নায় ভেঙে পড়ে বাজারে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান টিটুর ফার্মেসির সামনে দাঁড়িয়ে স্বামীর মর্যাদা ও বিচারের দাবি জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম শরীফ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. বাহাদিন হালাদার ও তাঁর ননদ নিলুফা বেগম। তাঁরা জানান, রাতে মেয়েটি নিলুফা বেগমের জিম্মায় থাকবে এবং সকালে বাবার বাড়ি ফিরে যাবে; পরে অভিভাবক নিয়ে এসে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হবে। তবে পথে নিলুফা বেগম তাঁকে ফেলে চলে যান বলে অভিযোগ উঠেছে। রাত ৯টার দিকে তানিয়া স্বামীর বাড়ি গিয়ে দেখেন বসতঘরের দরজা বন্ধ; তিনি বাড়ির উঠানে কান্নাকাটি করছিলেন।

এ বিষয়ে ছেলের মা নুরজাহান বেগম বিএইচএস নিউজকে বলেন, মেয়েটি তাঁদের অনেক অত্যাচার করছে এবং মামলা করে তাঁর ছেলে ও স্বামীকে গাজীপুরের জয়দেবপুর জেলে পাঠিয়েছে; একপর্যায়ে বরিশাল জেলখানায়ও আনা হয়েছে। ছেলের বাবা সেকুল বাঘা মুঠোফোনে বিএইচএস নিউজকে জানান, মেয়েটি ভালো না; তাঁদের বিরুদ্ধে মামলা করেছে এবং তিনিও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিএইচএস নিউজকে জানান, বিষয়টি তাঁর জানা আছে। মেয়েটি আদালতে মামলা করেছে এবং মেয়েটির খালার বাড়ি ছেলের বাড়ির পাশেই বলে তিনি জানান।