শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অভিবাদন ও সালাম গ্রহণ করেন জেলা পুলিশের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।
প্যারেডে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কমান্ডারের দায়িত্ব পালন করেন উজিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি পেশাদারিত্ব বজায় রাখা, দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার পরিচয় দেওয়া এবং সাধারণ মানুষের জন্য জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্মার্ট, আধুনিক ও সেবামুখী পুলিশিং প্রতিষ্ঠায় প্রত্যেক সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাস্টার প্যারেডের মধ্য দিয়ে জেলা পুলিশের শৃঙ্খলা, সমন্বয়, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
