শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে জেলা প্রশাসকের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো তুলে দেন আশার জেলা ও সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে এসব কম্বল জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এম. এ. মন্নান, সিনিয়র ম্যানেজার (এসএমএসই) ইলিয়াছ কাঞ্চন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছগির আহম্মেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম, সিনিয়র এবিএম মাইনদ্দিনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস বিএইচএস নিউজকে বলেন, শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছরের মতো এবারও আশা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে ২৫০টি কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।
