মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
ভোলা

ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

ভোলা জেলা প্রশাসন সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) ভোলার বাসস্ট্যান্ড ও যুগীরঘোল এলাকায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাবারে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথ ট্রেড লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং বেকারির পণ্যে ফুড গ্রেডবিহীন রঙ ও ফ্লেভার ব্যবহারের অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান, মো. আশরাফুল আলম ও মো. মনিরুজ্জামান। সমন্বয়ক হিসেবে পুরো কার্যক্রম তদারকি করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. ফয়জুল ইসলাম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সভাপতি মো. সুলাইমান, ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসাইন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ভোলা সদর থানার পুলিশ।

অভিযানে শুধু জরিমানা আদায়েই সীমাবদ্ধ ছিল না—প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার মুচলেকা ও লিখিত অঙ্গীকার দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।