ভোলার দুলারহাটে ৫২৫ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দুলারহাট থানাধীন আবুবক্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জান্নাত বেগম (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানার এসআই মো. মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন জান্নাত বেগমকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দুলারহাট থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
