পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাত সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমুকে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
ঘোষিত কমিটির অন্য পদধারীরা হলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন সুজন, সহ-সভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাঁশী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
