এইমাত্র
ভোলা

ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য, জিআই স্বীকৃতির দাবি

ভোলা: মেঘনা ও তেঁতুলিয়ার বুকে জেগে ওঠা দ্বীপজেলা ভোলার নিজস্ব খাদ্যসংস্কৃতির অন্যতম পরিচয় মহিষের দুধের টক দই। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী খাবার এখন ভোলার পরিচিতি ছাড়িয়ে পৌঁছে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

স্থানীয়দের দাবি, ভোলার চরাঞ্চলে মহিষ পালন এবং মহিষের দুধ দিয়ে দই তৈরির প্রচলন প্রায় দুই শতাব্দীর পুরোনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে গোয়ালা, রাখাল ও দইয়ের কারিগররা এই ঐতিহ্য ধরে রেখেছেন। তাঁদের হাত ধরেই স্থানীয় একটি কুটিরশিল্প আজ জেলার অন্যতম পরিচিত পণ্যে পরিণত হয়েছে।

ভোলার মহিষের দুধের দইয়ের বিশেষত্ব এর ঘনত্ব, স্বাদ ও তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতিতে। গাভির দুধের তুলনায় মহিষের দুধে চর্বি ও প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এই দই হয় তুলনামূলক ঘন ও মসৃণ। দই তৈরিতে ব্যবহার করা হয় পোড়ামাটির বিশেষ পাত্র, স্থানীয়ভাবে যা টালি নামে পরিচিত। দুধ ভালোভাবে ছেঁকে পরিষ্কার মাটির পাত্রে রেখে নির্দিষ্ট সময় অপেক্ষা করলেই জমে ওঠে সুস্বাদু টক দই।

দই তৈরির প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞ কারিগর মো. নুরুজ্জামান বিএইচএস নিউজকে জানান, এই দই তৈরিতে জটিল কোনো প্রক্রিয়া নেই। পরিষ্কার মাটির পাত্রে ভালোভাবে ছেঁকে দুধ রেখে দিতে হয়। গরমের দিনে সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টা এবং শীতের দিনে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে দই জমতে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রচলিত পদ্ধতি অনুসরণ করেই তাঁরা এই দই তৈরি করেন।

মহিষ পালন ও দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত পরিবারগুলোর জন্য এই শিল্প জীবিকারও গুরুত্বপূর্ণ মাধ্যম। রাখাল কবির বিএইচএস নিউজকে জানান, বছরের ১২ মাসই তাঁরা মহিষ থেকে দুধ পান। স্থানীয় কারিগরদের মাধ্যমে সেই দুধ দিয়ে তৈরি হয় টক দই। পরে তা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হয়।

ভোলা পৌর শহরের ঘোষপট্টি মহিষের দুধের দই বিক্রির অন্যতম প্রধান কেন্দ্র। এ ছাড়া জেলার ছোট-বড় বিভিন্ন বাজারেও পাওয়া যায় এই দই। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, পারিবারিক আয়োজন ও বিভিন্ন উৎসবে ভোলার মহিষের দুধের দইয়ের চাহিদা থাকে বেশ ভালো।

দই বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাটির পাত্রে সাধারণত দেড় ও দুই লিটার দই বিক্রি করা হয়। দেড় লিটারের পাত্রের দাম ১৫০ থেকে ৩০০ টাকা এবং দুই লিটারের পাত্রের দাম ২০০ থেকে ৪০০ টাকা। তবে মহিষের দুধের সরবরাহ ও বাজারদরের ওপর নির্ভর করে দইয়ের দাম ওঠানামা করে।

স্থানীয় বাসিন্দা হাসমত আলী বিএইচএস নিউজকে বলেন, ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এই জেলার বিভিন্ন চরাঞ্চলে ছোট-বড় অনেক চর রয়েছে। এসব এলাকায় মহিষ পালন তুলনামূলক সুবিধাজনক। দীর্ঘদিন ধরে মহিষের দুধের দই তৈরি ও বিক্রির ঐতিহ্য চলে আসছে। এ কারণে ভোলার দইয়ের প্রতি মানুষের আলাদা আকর্ষণ রয়েছে।

তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী শিল্প নানা চ্যালেঞ্জের মুখেও পড়ছে। মহিষের দুধের সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং খাঁটি দইয়ের সঙ্গে ভেজাল পণ্য মিশে যাওয়ার আশঙ্কা এই শিল্পের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পাশাপাশি আধুনিক বিপণন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবেও সম্ভাবনাময় এই শিল্প প্রত্যাশিতভাবে বিস্তৃত হতে পারছে না।

সংশ্লিষ্টদের মতে, ভোলার মহিষের দুধের টক দইকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দই প্রস্তুতকারকদের সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত উৎপাদনব্যবস্থা, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বাজারজাতকরণের সুযোগ তৈরি করা গেলে এই শিল্পের সম্ভাবনা আরও বাড়বে।

ভোলার মহিষের দুধের টক দই শুধু একটি সুস্বাদু খাবার নয়; এটি উপকূলীয় জনপদের ইতিহাস, সংস্কৃতি, মানুষের শ্রম ও গ্রামীণ অর্থনীতির অংশ। যথাযথ পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া গেলে দুই শতাব্দীর এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্বমহিমায় টিকে থাকবে।