বরগুনার পাথরঘাটায় সড়কের ওপর উঁচু করে ফেলে রাখা ড্রেজার পাইপের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।
সোমবার রাতে ছেলে শোয়েবুর রহমানের মোটরসাইকেলে করে পাথরঘাটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। পথে চৌরাস্তা এলাকায় সড়কের ওপর উঁচু করে রাখা ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে যায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস ধরে ওই সড়কে ড্রেজার পাইপ বসিয়ে বিভিন্ন স্থানে বালু ফেলা হচ্ছে। পাইপের কারণে এর আগেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানানো হলেও পাইপ সরানো কিংবা দুর্ঘটনা এড়াতে নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়নি।
পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম বিএইচএস নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।
একটি ব্যবসায়িক কার্যক্রমের কারণে জনসাধারণের চলাচলের প্রধান সড়ক কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে প্রশাসনের নজরে আসবে, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আর কত দুর্ঘটনা ও প্রাণহানির পর সড়কের ওপর এভাবে ড্রেজার পাইপ ফেলে রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে তাদের।
