নিকাহ রেজিস্ট্রারদের কর্মএলাকা বহাল রাখার দাবিতে পটুয়াখালীতে কলম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কাজীরা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও কাজী আলাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আলাউদ্দিন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, কলাপাড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আবু বকর সিদ্দিক এবং দশমিনা উপজেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মো. খিজির আলম।
কর্মসূচিতে কাজী সমিতির নেতারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত কাজীদের বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরপ্রাপ্ত কাজীর যোগ্য পুত্রকে অগ্রাধিকার দেওয়া, প্রার্থীর ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা, অবসরের বয়সসীমা নির্ধারণ, নিবন্ধন ফি বৃদ্ধি, নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধ বিবাহ ও তালাকের প্রচলন বন্ধ করা এবং অংশীজনদের অন্তর্ভুক্তি ও মতামত গ্রহণ।
এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কাজীরা। একই দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির অবস্থান কর্মসূচিতে সব কাজীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
