এইমাত্র
বরিশাল জেলা

ইউএনও আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-বরিশাল মহাসড়ক। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থীসহ শত শত নারী-পুরুষ।

প্রথমে উজিরপুর বাজার থেকে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দরে গিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীরাও যোগ দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। পরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে বিক্ষুব্ধরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।

বিক্ষুব্ধরা বলেন, তাঁরা জানেন ইউএনও চিরকাল এখানে থাকবেন না। কিন্তু তিনি যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন, তা বাস্তবায়নের জন্য তাঁকে আরও কিছুদিন থাকা প্রয়োজন। তাঁদের ভাষায়, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা এসেছে, গ্রামীণ জনপদে উন্নয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অনিয়ম বন্ধ হয়েছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছেছে। এমন মানবিক ও দক্ষ ইউএনওকে তাঁরা হারাতে চান না বলে জানান বক্তারা।