এইমাত্র
পটুয়াখালী

পবিপ্রবিতে সচেতন শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সচেতন শিক্ষকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক ও শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে মতপ্রকাশের অবাধ স্বাধীনতা ও শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।