এইমাত্র
বরগুনা

পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন।

দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও মিস্ত্রী বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা। ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান বিএইচএস নিউজকে জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। জানা গেছে, ট্রলারটি আজ রাতে সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।