বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণের সাংস্কৃতিক সন্ধ্যায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষে কনসার্ট চলাকালে এ সংঘর্ষ ঘটে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ ও গণিত বিভাগের ১৪তম ব্যাচের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন। এ সময় গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। এ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের শিক্ষার্থীরা বাঁশ ও ইটের টুকরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই বিভাগের একাধিক শিক্ষার্থী রক্তাক্ত হন।
গণিত বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগ, জুনিয়র শিক্ষার্থীরা নাচতে নাচতে তাঁদের ব্যাচের মেয়েদের গায়ে ধাক্কা দিচ্ছিলেন; নিষেধ করায় তাঁরা লাঠি ও ইট নিয়ে মারতে আসেন। অন্যদিকে পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর দাবি, নাচের সময় অসাবধানতাবশত চেয়ারে ধাক্কা লেগেছিল, মেয়েদের গায়ে পড়ার অভিযোগ সত্য নয়; তাঁদের এক বন্ধুকে টেনে নিয়ে একা মারধর করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বিএইচএস নিউজকে জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই বিভাগের শিক্ষার্থী, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকদের নিয়ে বসে ঘটনার বিচার ও সুরাহা করা হবে।
