এইমাত্র
ঝালকাঠি

ঝালকাঠিতে আগুনে পুড়ল রিকশাচালকের বসতঘর

ঝালকাঠির পশ্চিম আবাসন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র রিকশাচালকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে রিকশাচালক ফরিদ হোসেনের ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ অর্থসহ সব মালামাল ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করেই ফরিদ হোসেনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তীব্রতার কারণে ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত রিকশাচালক ফরিদ হোসেন জানান, রিকশা চালিয়ে তিল তিল করে গড়া সংসারের সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে তাঁর পরিবার।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের জরুরি সহায়তা কামনা করেছেন।