পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার ও একটি মন্দিরের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরের প্রতিনিধিদের হাতে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে দুই বান্ডিল করে মোট ৪৪ বান্ডিল ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিএইচএস নিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও চাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রতিমন্ত্রী সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। উল্লেখ্য, ১৫ নভেম্বর দিবাগত রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকানসহ বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়।
