এইমাত্র
বরিশাল জেলা

বরিশাল বিভাগে চার বছরে ইলিশের উৎপাদন কমলো লক্ষাধিক টন

মাত্র চার বছরের ব্যবধানে বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন কমেছে লক্ষাধিক মেট্রিক টনেরও বেশি। প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে বরিশালের পোর্ট রোডসহ দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে দেখা দিয়েছে তীব্র মাছ সংকট, আর ইলিশের দাম চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সাধারণত বরিশালের মোকামগুলোতে ইলিশ নিয়ে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ে। নদী থেকে একের পর এক মাছবোঝাই ট্রলার ঘাটে ভেড়ে, আড়তে চলে হাঁকডাক, দরদাম আর বেচাকেনার প্রতিযোগিতা। কিন্তু এবার সেই চেনা দৃশ্য অনেকটাই অনুপস্থিত। মোকামগুলোতে পর্যাপ্ত মাছ না আসায় আড়তদারদের অপেক্ষার সময় বাড়ছে, জেলেদের মুখেও নেই হাসি।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা নদীতে মাছ ধরতে গেলেও প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না। একাধিকবার জাল ফেলেও অনেক নৌকায় মিলছে সামান্য কিছু মাছ। এতে জ্বালানি, শ্রমিকের মজুরি ও খাবারসহ মাছ ধরার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের।

হিজলার জেলে জাহাঙ্গীর আলম বিএইচএস নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই নদীতে ইলিশের সংকট ছিল। তার ওপর নিষেধাজ্ঞা শেষে ধারণা ছিল আশানুরূপ ইলিশের দেখা মিলবে। কিন্তু বাস্তবে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। যা ধরা পড়ছে সেগুলোর পেটে এখনো ডিম। এ কারণে অক্টোবরের শেষ দিকে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছিলাম।’

বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. জহির সিকদার বিএইচএস নিউজকে বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেকও উৎপাদন নেই। ইলিশের সরবরাহ কম থাকায় আড়তে স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না। মাছের পরিমাণ কমে যাওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশিত লেনদেনও হচ্ছে না।’ তিনি জানান, নিষেধাজ্ঞার আগের দিনগুলোতে পোর্ট রোডের মোকামে ইলিশের বিক্রি ছিল ১৫০-৩০০ মণ। সেখানে গত কয়েকদিন ধরে ৫০-৬০ মণ ইলিশ আসছে।

বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ এক লাখ ৩০ হাজার টাকা (তিন হাজার ২৫০ টাকা কেজি) দরে বিক্রি হচ্ছে। এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক লাখ ১০ হাজার টাকায় (দুই হাজার ৭৫০ টাকা কেজি), এক কেজি থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ৯৬ হাজার টাকা (দুই হাজার ৪০০ টাকা কেজি), ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৮০ হাজার টাকা (দুই হাজার টাকা কেজি), ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ৭০ হাজার টাকা (এক হাজার ৭৫০ টাকা কেজি) এবং ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৫০ হাজার টাকা মণ (এক হাজার ২৫০ টাকা কেজি) দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের মধ্যে ৩০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের মণ ২৫-৩০ হাজার টাকা (৬২৫-৭৫০ টাকা কেজি), আর ২৫০ গ্রাম ওজনের ইলিশের মণপ্রতি দাম ২০-২২ হাজার টাকা (৫০০-৫৫০ টাকা কেজি)।

মোকামে সরবরাহ কমার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বাজারে ইলিশের পরিমাণ কম থাকায় দাম বেড়েছে আগের তুলনায়। সীমিত আয়ের ক্রেতাদের জন্য ইলিশ কেনা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নদী থেকে পর্যাপ্ত ইলিশ না এলে বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা কম। আর সরবরাহ সংকট অব্যাহত থাকলে দাম কমার সম্ভাবনাও অনিশ্চিত থেকে যাবে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে এই বিভাগে ইলিশ উৎপাদন হয়েছিল তিন লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় তিন লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে। পরের অর্থবছরে (২০২৪-২৫) উৎপাদন আরও কমে হয় তিন লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে দুই লাখ ৬৬ হাজার ৫৯৭ মেট্রিক টনে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান বিএইচএস নিউজকে বলেন, ‘গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে ইলিশের উৎপাদন কমছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন, নদী ও জলজ পরিবেশের অবক্ষয়, পানির স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং নদীগুলোর নাব্য সংকট এর অন্যতম কারণ হতে পারে। নদীর গভীরতা ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে ইলিশের বিচরণ, খাদ্য গ্রহণ এবং প্রজননের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।’ তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা কার্যকর করলেই ইলিশের উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি নদীর পরিবেশ রক্ষা, নাব্য বজায় রাখা এবং ইলিশের নিরাপদ বিচরণক্ষেত্র সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।