এইমাত্র
বরিশাল বিভাগ

এনসিপির দ্বিতীয় দফার তালিকায় বরিশাল বিভাগের চার প্রার্থী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার এ তালিকা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ নেতারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফার তালিকায় বরিশাল বিভাগের চারটি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম রয়েছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান পদে মাজহারুল ইসলাম নিপু, ভোলার দৌলতখান উপজেলায় কাজী সালমান, বোরহানউদ্দিন উপজেলায় শরীফ হাওলাদার এবং ঝালকাঠি সদর পৌরসভার মেয়র পদে এইচ এম জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে। আগামী নভেম্বর-ডিসেম্বরে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদের প্রার্থীর নামও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভোট কারচুপি ও রাতের ভোটের মাধ্যমে কাউকে জিততে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়মের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে প্রথম দফায় বরিশালের উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করা হয়েছিল।