পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। দীর্ঘদিন একই বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এ পদে দায়িত্ব পেলেন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রাপ্য আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৩ সালের ১১ জানুয়ারি মাহফুজুর রহমান সবুজ জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পর পরিচালক পদে পদোন্নতির সুযোগ থাকলেও দীর্ঘদিন তাঁকে পদোন্নতিবঞ্চিত থাকতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. মাহফুজুর রহমান সবুজ বরগুনার আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন এবং এমএসএস পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ২০০৮ সালে তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা ‘সাগরকন্যা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে মো. মাহফুজুর রহমান সবুজ বিএইচএস নিউজকে বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার দীর্ঘ কর্মজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”
উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বিএইচএস নিউজকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে যোগ্যতা, অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহফুজুর রহমান সবুজ দীর্ঘদিন ধরে এ বিভাগের সঙ্গে কাজ করছেন। তাঁর অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশাবাদী।”
দায়িত্ব লাভের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকে ফুল নিয়ে তাঁর অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। ব্যক্তিগত জীবনে মাহফুজুর রহমান সবুজ এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
