এইমাত্র
ভোলা

নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

ভোলার লালমোহনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবদল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চৌরাস্তার মোড়ে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহবুব রহমান ইলিয়াস বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাট শুরু করেছে। আমরা লালমোহনের পৌর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। এখানে কেউ যদি কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। লালমোহনের মানুষ শান্তিপ্রিয়।”