এইমাত্র
বরিশাল সদর

রুইয়ারপোলে সংঘর্ষে যুবক গুরুতর আহত, অস্ত্রসহ আটক ৪

বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুইয়ারপোল এলাকায় এক অটোরিকশাচালকের সঙ্গে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে প্রাণ কোম্পানির একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে এলাকায় মহড়া দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এতে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আল মামুন (৩৪) গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে।

আহত অবস্থায় স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে স্বজনরা তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

অন্যদিকে, হামলার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আকন (২৪), একই এলাকার মজিদ আকনের ছেলে মো. আয়ান (২৩) এবং মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (৩২)। অপর ব্যক্তির পরিচয় যাচাই করছে পুলিশ।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএইচএস নিউজকে জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।